শোয়েব মালিকের বয়স কত?
শোয়েব মালিকের বয়স কত? সাবেক ইংলিশ অফ স্পিনার গ্রায়েম সোয়ান এটি নিয়ে বেশ বিভ্রান্ত। কিছুতেই তাঁর হিসেব মিলছে না। সোয়ানের পরিষ্কার মনে আছে, ১৯৯৯ সালে শোয়েবের যখন অভিষেক তাঁর নিজের বয়স তখন ১৯। ১৮ বছর পর এই ২০১৭ সালে সোয়ান ইন্টারনেট ঘেঁটে দেখলেন শোয়েবের বয়স ৩৫! কীভাবে সম্ভব!
আজ ভারত-পাকিস্তান ম্যাচের মাঝপথের কথা। বিবিসির লাইভ কমেন্ট্রিতেই হঠাৎ বোমা ফোটালেন সাবেক ইংলিশ অফ স্পিনার। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে সোয়ান একটু কৌতুক করেই জিজ্ঞেস করেছেন, ‘শোয়েব মালিক অনেক দিন ধরেই খেলে যাচ্ছে। প্রতিটি টুর্নামেন্টেই তার দুই বছর করে বয়স কমছে। যে বছর ওর বয়স ১৯ ছিল, আমার বয়সও ছিল ১৯। কিন্তু আমার বয়স এখন ৩৮—শোয়েবের নয়! ইন্টারনেট বলছে ওর বয়স ৩৫!’
পাকিস্তানি ক্রিকেটারদের বয়স নিয়ে যে রসিকতাগুলো চালু আছে, সোয়ানের মন্তব্য যেন তারই অনূদিত রূপ। এরপরই হাসান আলী বোলিংয়ে যখন এলেন, বিবিসির কমেন্ট্রিতেই আবার মজা করে নিতে ভুলেনি, ‘২৩ বছর বয়সী আলী বোলিংয়ে, অন্তত উইকিপিডিয়া তাই বলে!’

ConversionConversion EmoticonEmoticon